সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে (ইসি) ১৮ দফা সুপারিশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জোটবদ্ধ নির্বাচনে নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান বহাল রাখারও দাবি জানিয়েছে তারা।
আজ মঙ্গলবার নির্বাচন ভবনের সভা কক্ষে ইসির সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধি দল।
বৈঠক শেষে সাংবাদিকদের জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমাদের ১৮ দফা প্রস্তাবের মধ্যে অন্যতম হলো জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা। বর্তমানে যে জাতীয় সনদ ও সংস্কারমূলক কাঠামো তৈরির প্রক্রিয়া চলছে, তা নিয়ে জনগণকে জানাতে হবে। জনগণ না জেনে ভোট দিলে গণভোটের উদ্দেশ্য ব্যর্থ হবে। তাই নভেম্বর মাসই গণভোটের জন্য সবচেয়ে উপযুক্ত সময়।”
তিনি আরও বলেন, “ইসি যেন সংস্কার ও জাতীয় সনদের বিষয়গুলো ওয়েবসাইটে প্রকাশ করে জনগণকে অবগত করে। একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে সহিংসতা বা কিছু কেন্দ্রে ভোট বন্ধের আশঙ্কা থাকে, যা গণভোটের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।”
জোটবদ্ধ নির্বাচনে প্রতীকের বিষয়ে বিএনপির আপত্তির প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেক দল তার নিজস্ব প্রতীকেই ভোট করবে। তবে জোট গঠনের সুযোগ থাকবে। কিন্তু অন্য দলের প্রতীক ব্যবহার করা যাবে না—এটি ইতিমধ্যে অনুমোদিত বিধান।
তিনি অভিযোগ করেন, “বিএনপির একজন নেতার সঙ্গে একজন উপদেষ্টার ‘জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট’-এর মাধ্যমে এই বিধান সংশোধনের দাবি তোলা হয়েছে, যা লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গের স্পষ্ট উদাহরণ। আমরা চিফ কমিশনারকে জানিয়েছি, এটা কোনোভাবেই সংশোধন করা যাবে না।”
বিএনপির দাবি অনুযায়ী ইসলামী ব্যাংকসহ কিছু প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়োগে জামায়াত সংশ্লিষ্টতা আছে কি না জানতে চাইলে গোলাম পরওয়ার বলেন, “জামায়াতের সঙ্গে এসব প্রতিষ্ঠানের কোনো মালিকানা বা সাংগঠনিক সম্পর্ক নেই। বিএনপির অনেক নেতারও ব্যাংক ও প্রতিষ্ঠান আছে। আমরাও তাদের তালিকা দিতে পারতাম। এটা একটা খারাপ নজির।”
বৈঠকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদের সদস্য এইচএম হামিদুর রহমান আজাদ, মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম এবং ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম।