আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো কিছু সমস্যা সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুষ্ঠু হবে।”
কর্মকর্তাদের পদায়ন এবং বদলির প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিভিন্ন ক্ষেত্রে পদায়ন ও বদলিতে কোনো ধরনের অনিয়ম হচ্ছে না।” এ সময় তিনি কোনো অনিয়মের খবর থাকলে তা প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
বিএনপি নেতা তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি দেওয়ায় তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি উপদেষ্টা। তবে তিনি বলেছেন, “অন্য কেউ চাইলেও একই ধরনের অনুমতি দেওয়া হবে।”
সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।