শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা: ডিএমপি কমিশনার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা: ডিএমপি কমিশনার
শহীদ মিনারে ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন। ছবি: চরচা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রথমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। তাদের পর কূটনীতিকরা শ্রদ্ধা জানাবেন। এরপর শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাপক মানুষের সমাগম হবে— তাই শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক, বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদনের জন্য সাধারণ জনগণকে নির্ধারিত পথ ব্যবহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পলাশীর মোড় হয়ে জগন্নাথ হল সংলগ্ন রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করতে হবে এবং অন্য কোনো রাস্তা ব্যবহার করা যাবে না। শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে নির্দিষ্ট পথে বের হওয়ার নির্দেশনা অনুসরণ করতে হবে। কেউ যেন কোনো ধরনের দাহ্য বা বিস্ফোরক বস্তু নিয়ে না আসে, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু সড়কে ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে। শাহবাগ, হাইকোর্ট, শহীদুল্লাহ হল, চাঁনখারপুল, পলাশীসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে ট্রাফিক বিভাগ জানিয়েছে।

ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, নগরবাসীর সহযোগিতায় আগের বছরের মতো এবারও রাষ্ট্রীয় এ কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

সম্পর্কিত