রাজধানীর কাঁঠালবাগানে গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে মায়ের পর এবার প্রাণ গেল দেড় বছরের শিশুরও। দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শনিবার বার্ন ইনস্টিটিউটে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দেড় বছর বয়সী আরএস রহমান মারা যায়। এর আগের দিন গতকাল শুক্রবার নিহত শিশুর মা সাবা (৩০) বিকেল সাড়ে ৪টার দিকে একই হাসপাতালে মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, কাঁঠালবাগানের অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়ে গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আর আজ ভোর সাড়ে ৫টার দিকে মারা যায় তার দেড় বছর বয়সী শিশুসন্তান। শিশুটির শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল।
চিকিৎসক আরও জানান, চিকিৎসাধীন অন্য তিনজন হলেন আবদুর রহমান (২৯), সানজিদা (২০) ও সামসুন নাহার (৫০)। তাদের মধ্যে আবদুর রহমানের শরীরের ৬ শতাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। সানজিদার শরীরের ৩৭ শতাংশ এবং সামসুন নাহারের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের দুজনেরও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুলতান মাহমুদ আরও জানান, দগ্ধ তিনজনের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।
গতকাল সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের সদস্যসহ পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।