Advertisement

বিএনপি গায়ের জোরে সরকারে টিকে আছে: নাহিদ ইসলাম

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বিএনপি গায়ের জোরে সরকারে টিকে আছে: নাহিদ ইসলাম
গাইবান্ধায় এনসিপির আঞ্চলিক সমন্বয় সভার আগে জেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: ইউএনবি

বিএনপি গায়ের জোরে সরকারে টিকে আছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

Advertisement

আজ শুক্রবার সকালে গাইবান্ধায় এনসিপির আঞ্চলিক সমন্বয় সভার আগে জেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। খবর ইউএনবির।

Advertisement

নাহিদ ইসলাম বলেন, “আমরা মনে করি এখনো বিএনপি যে সরকারে আছে তা গায়ের জোরে আছে। অতীতেও আমরা দেখেছি গায়ের জোরে অনেকেই ক্ষমতায় ছিল, তারা কিন্তু ক্ষমতায় থাকতে পারেনি।”

এনসিপির আহ্বায়ক বলেন, “স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আমরা কর্মসূচি পালন করছি। এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। সে কারণে আমরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছি। গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না। ৫ বছর তাদের ক্ষমতায় থাকতে হলে অবশ্যই গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।”

নাহিদ বলেন, “৫ আগস্টের পর থেকে কারা শুধু নিজেদের চেয়ারের কথা বলেছে, নিজেদের ক্ষমতায় যাওয়ার কথা বলেছে কিন্তু দেশ পরিবর্তনের কথা ভাবে নাই, দেশের সংস্কারের কথা যারা ভাবে নাই, তারাই অনৈক্য তৈরি করেছে। তারা এখন দেশের ঐক্যের কথা বলছে যখন তারা আওয়ামী লীগকে ট্যাকেল করতে পারছে না।”

আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটা সমঝোতা আছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, “এনসিপি ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে। তাদের নিষিদ্ধ করেছে, বিচারের মুখোমুখি করেছে। সবগুলো পদক্ষেপ কিন্তু এই ছাত্র আন্দোলনের ফলাফল। কিন্তু বিএনপি এ পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ পুনর্বাসনের একটা পদক্ষেপ নিয়েছে বিএনপি। সেটা আমরা নির্বাচনের আগেও দেখেছি এখনও দেখছি, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটা সমঝোতা আছে। আমরা বলব এই জায়গা থেকে বিএনপির বের হয়ে আসা উচিত।”

নাহিদ ইসলাম বলেন, “জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করতে সুযোগ করে দেওয়া যে ভুল করেছে, তার মাশুল কিন্তু বিএনপিকে দিতে হয়েছে; তারেক রহমানকে ১৬ বছর দেশের বাইরে কাটাতে হয়েছে। বেগম জিয়াকে বছরের পর বছর কারাগারে থেকে নিজের জীবন নিঃশেষ করতে হয়েছে। সেখান থেকে বিএনপি যদি শিক্ষা না নেয়, তাহলে এর পরিণতি কী হবে তা বলতে পারি না।”