Advertisement

ভুল চিকিৎসার অভিযোগে ঢামেকের চিকিৎসকের ওপর হামলা, গ্রেপ্তার ১

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ভুল চিকিৎসার অভিযোগে ঢামেকের চিকিৎসকের ওপর হামলা, গ্রেপ্তার ১
ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান (৫৫) হামলার শিকার হয়েছেন। মাথা, চোখ ও নাকে আঘাত নিয়ে তিনি ঢামেকে চিকিৎসাধীন। পুলিশ বলছে, ভুল চিকিৎসার অভিযোগে তার ওপর হামলা করা হয়। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শান্তিনগর এলাকায় ডা. আসাদুরের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাকে চিকতৎসার জন্য ওই রাতেই ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

Advertisement

আসাদুরকে হাসপাতালে নিয়ে আসা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মী রাশেদুল ইসলাম বলেন, শান্তিনগরের পপুলার হাসপাতালে ব্যক্তিগত চেম্বার শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন ডা. আসাদুর। এ সময় ৪ থেকে ৫ জন অটোরিকশা থামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার মাথা, চোখ ও নাকে আঘাত লাগে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, অধ্যাপক আসাদুরের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘‘গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, একজন রোগীকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, এমন ক্ষোভ থেকে হামলা করা হয়। গ্রেপ্তার ব্যক্তি ওই রোগীর বন্ধু।’’

এদিকে, হামলার শিকার চিকিৎসককে দেখতে গতকাল মঙ্গলবার বিকেলে ঢামেক হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।