বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘‘’যুবকদের হাতে আমরা বেকার ভাতা দিতে চাই না, তাদের হাতে দেশ তুলে দেব। তারা হবে আগামী দিনের বাংলাদেশের পাইলট, আমরা হবো তাদের প্যাসেঞ্জার।‘’
বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, নোয়াখালী জিলা স্কুল মাঠে আজ শুক্রবার দুপুরে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘‘ক্ষমতায় যাওয়ার আগেই যারা অপকর্মে লিপ্ত হয়েছে, তাদের হাতে দেশ কখনোই নিরাপদ নয়।”
শফিকুর রহমান বলেন, ‘’৫৬ হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চি মাটিকে আমরা ভালোবাসি, প্রতিটা মানুষকে আমরা ভালোবাসি। এদেশের প্রতিটা ধর্মের লোক আমাদের। আমরা চাঁদাবাজি করিনি। আমাদের হামলা-মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমরা কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিনি। আমরা মামলা বাণিজ্য করিনি।‘’
নোয়াখালীর উন্নয়নের কথা বলতে গিয়ে এই নেতা বলেন, ‘’১১ দলীয় জোট ক্ষমতায় এলে নোয়াখালীর সুবর্ণচরকে পৌরসভায় রূপান্তরিত করা হবে।‘’
এ ছাড়া নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ এবং এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এর আগে সকাল ৯টায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয়। এতে এটিএম মাছুম বিল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম, আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।