ads

ফ্রান্সে দাবানল থেকে শহর রক্ষায় লড়ছেন অগ্নিনির্বাপক কর্মীরা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ফ্রান্সে দাবানল থেকে শহর রক্ষায় লড়ছেন অগ্নিনির্বাপক কর্মীরা
দাবানলে বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয়কেন্দ্রে পরিণত করা বোর্দো-লাক প্রদর্শনী কেন্দ্র। ২৬ জুলাই ২০২৬। ছবি: রয়টার্স

ফ্রান্সের বোর্দো শহরের দিকে ছড়িয়ে পড়া বিশাল দাবানল নিয়ন্ত্রণে গতকাল রোববার রাতভর এবং আজ সোমবার সকাল পর্যন্ত লড়াই চালিয়েছেন অগ্নিনির্বাপক কর্মীরা।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement

বোর্দোর উপশহর সেস্তাসের মেয়র জেরোম স্টেফ সোমবার বলেন, “এটি এমন আকারের একটি আগুন, যা আগে কখনো দেখা যায়নি।” সেস্তাস বোর্দোর মূল শহর এলাকার ঠিক বাইরে অবস্থিত একটি উপশহর, যেখান থেকে হাজারো মানুষকে তাদের বাড়িঘর ও ছুটির আবাসস্থল থেকে সরিয়ে নিতে হয়েছে।

আটলান্টিক উপকূলের কাছে গত সপ্তাহে শুরু হওয়া এই দাবানল এখন বোর্দোর প্রধান মহানগর এলাকায় প্রবেশের পথগুলো থেকে মাত্র ১৫ কিলোমিটার (প্রায় ১০ মাইল) দূরে রয়েছে।

ইউরোপজুড়ে তীব্র গ্রীষ্মকালীন তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেশী স্পেনে ৭৫ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও ৩০ হাজার মানুষকে নিজ নিজ বাড়িতে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে বলে সপ্তাহান্তে কর্তৃপক্ষ জানিয়েছে।

ফ্রান্সের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ দিকে বোর্দোতে তাপমাত্রা বেড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে (৯৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাতে পারে, যা পরিস্থিতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

স্টেফ বলেন, “তাপপ্রবাহ আবার ফিরে আসার আগে এটি সময়ের সঙ্গে এক ধরনের প্রতিযোগিতা।”

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সরকার দাবানল পরিস্থিতি নিয়ে আলোচনা করবে।

রয়টার্স ক্লাইমেট মনিটরের তথ্য অনুযায়ী, চলতি জুলাইয়ে আকিতেন অঞ্চলে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৬১ থেকে ১৯৯০ সালের জুলাই মাসের স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

সম্পর্কিত