Advertisement

রেলের নিয়োগ দুর্নীতি মামলায় সাবেক ২ কর্মকর্তার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রেলের নিয়োগ দুর্নীতি মামলায় সাবেক ২ কর্মকর্তার কারাদণ্ড
প্রতীকী ছবি

পূর্ব রেলে নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক দুই কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।

Advertisement

রায়ে পূর্ব রেলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং সাবেক সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়াকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোকাররম হোসাইন চরচাকে বলেন, “রেলওয়ের নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি গোলাম কিবরিয়া ও ইউসুফ আলী মৃধাকে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।”

মোকাররম হোসাইন জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে গোলাম কিবরিয়া অন্য মামলায় সাজা পেয়ে কারাগারে আছেন। এবং ইউসুফ আলী মৃধা পলাতক।

অপরদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় রেলের সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী মো. হাফিজুর রহমান চৌধুরী এবং দুই নিয়োগপ্রার্থী শহীদুল ইসলাম ও ইলিয়াস হোসেনকে খালাস দিয়েছেন আদালত।

জানা যায়, ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে মামলাটি করেছিলেন।

মামলার এজাহারে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ট্রেড অ্যাপ্রেনটিস পদে নিয়োগপ্রার্থীদের লিখিত পরীক্ষার খাতায় ও টেবুলেশন শিটে ঘষামাজা করে ফেল করা প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়।

এ ক্ষেত্রে ফেল করা প্রার্থীকে ৮ নম্বর গ্রেস দিয়ে পাস দেখানো হয় এবং জেলা কোটাও ঠিকভাবে অনুসরণ করা হয়নি।