Advertisement

অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন, শুনানি ১৪ ডিসেম্বর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন, শুনানি ১৪ ডিসেম্বর
ছবি: অভিনেত্রী তানজিন নাহার তিশার ফেসবুক থেকে নেওয়া

মডেল-অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে উপস্থিত হয়ে বাদী এই আবেদন করেন।

Advertisement

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বলেন, আজ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় দায়ের করা মামলায় বিবাদীর হাজির হওয়ার তারিখ ছিল। এই মামলায় বিবাদীপক্ষ আদালত থেকে নোটিশ পেয়েছেন। কিন্তু বিবাদী আজ আদালতে না আসায় বাদী গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।

Advertisement

আইনজীবী সিনহা বলেন, আজ আদালতের বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার কারণে আগামী ১৪ ডিসেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে বলা হয়েছে, মামলার ধার্য তারিখে বিবাদী মামলার বিষয়ে অবগত থাকার পরেও আদালতে হাজির হননি। বিবাদীর এই আচরণে আদালত আবমাননা হয়েছে এবং বিবাদী মামলার পরে বাদীর বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন কটুক্তি চলমান রেখেছে। সেজন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি একান্ত অবশ্যক।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন সানায়া আনাম। এরপর মামলা প্রত্যাহার করতে তাকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বাদীর। গত বছরের ৭ নভেম্বর ফোনে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, প্রতারণার মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেওয়ার পর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

বাদীর দাবি, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তানজিন তিশা ক্ষুব্ধ হয়ে তার পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় মামলা করতে গেলেও তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।