Advertisement

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। পরিস্থিতি শান্ত থাকায় আজ বৃহস্পতিবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সারফরাজ এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ জারি করেন।

Advertisement

জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তাসংস্থা ইউএনবি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদনের ভিত্তিতে স্পষ্ট হওয়া গেছে যে এলাকায় নতুন করে বিশৃঙ্খলা বা পরিস্থিতি অবনতির কোনো আপাত ঝুঁকি নেই। ফলে জনস্বার্থে ১৪৪ ধারা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে একই স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও তার অঙ্গ-সংগঠনগুলো বুধবার প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সংঘর্ষের আশঙ্কায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন।

এদিকে, গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে বুধবার দিনভর নানা নাটকীয়তার পর রাত সাড়ে ৮টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ক্যাম্পে একটি অভিযোগ জমা দেন এনসিপির নেতারা। জেলা যুব শক্তির আহ্বায়ক তন্ময় তাহের বাদী হয়ে লিখিত এই অভিযোগটি দায়ের করেন।

Advertisement

অভিযোগপত্রে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিঙ্গনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের মধ্য দিয়েই এনসিপির কেন্দ্রীয় নেতারা তাদের হবিগঞ্জের প্রতিবাদ কর্মসূচি শেষ করেন।