সুষ্ঠু নির্বাচন করতে আবারও রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
আহ শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ–২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্যদিয়ে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টা বলেন, ‘‘স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। এটার জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই, যাতে করে আমরা এটা থেকে বিচ্যুত না হই।’’
প্রধান উপদেষ্টা বলেন, ‘‘আমরা একমত হয়েছি। একমতকে সুন্দরভাবে পরিচালনা করা, সামনের দিকে নিয়ে যাওয়া-কীভাবে সেটা আমাদের কাছে সম্ভব, সেটা আমাদের করতে হবে।’’
ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব
প্রধান উপদেষ্টা বলেন, ‘‘ঐক্যের সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে।’ আজকে ঐক্যমতে আমরা যেরকম সনদ করলাম, এ রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও, আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বসে একটা সনদ করলেন। কীভাবে নির্বাচন করবেন? যেমন তেমনভাবে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাব। কিছু করার লাভ কী হলো? কথা লিখলাম, মানলাম না। কাজের মধ্যে গিয়ে মানলাম না।’’
‘‘কাজেই আমার অনুরোধ, আপনারা আবার ঐক্যমত কমিশন বা কমিটি বসুন, নিজেরা বসুন। নির্বাচনটা কীভাবে সুন্দরভাবে করবেন, উৎসবমুখর করবেন। ইতিহাসে স্মরণীয় করে ধরবেন।”
মুহাম্মদ ইউনূস বলেন, “নিজেদের নির্বাচন নিজেরা করব। আমাদেরকে কারও দেখিয়ে দিতে হবে না। আমরা কী জানি না, কীভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হয় এটা যেন জাতির জন্য উদাহরণ হয়?”
প্রধান উপদেষ্টা বলেন, “বিশ্বের জন্যও উদাহরণ। আমরা সেটা ইনশাআল্লাহ করতে পারব? আজকে সেই পারার একটি চিহ্ন আমরা এখানে রেখে গেলাম। এই চিহ্ন ধরে আমরা পথে অগ্রসর হব। কার্যে প্রমাণ করতে হবে। এখন তো কাগজে প্রমাণ করলাম। সে সভ্যতা আমরা নিয়ে এসেছি। এখন কাজে প্রমাণ করতে হবে যে আমরা সেই সভ্যতা অর্জন করেছি। আমাদের রাজনৈতিক নেতারা আমাদেরকে সেই পথ দেখিয়েছেন। আমরা তাদের কাছে মাথা নত করছি। তারা আমাদেরকে এই পথ দেখিয়েছেন। পরবর্তীতেও যেন সুন্দরভাবে এগিয়ে যান।’’
মুহাম্মদ ইউনূস, ‘‘নির্বাচনটাও যেন সেরকম হয়, আমরা বাহবা দিতে পারি। সবাই মিলে এমনভাবে নির্বাচন করব, যাতে কোনো দুনিয়ার কেউ এসে বলতে না পারে, এখানে ক্ষতি হয়েছে, গোলমাল হয়েছে। বাইরের লোক আমাদেরকে নির্দেশ দেবে না।’’