ads

স্পেন খেলছে, আর্জেন্টিনা দেখছে

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
স্পেন খেলছে, আর্জেন্টিনা দেখছে
স্পেনের রদ্রির পায়ে বল, আর্জেন্টিনার চার খেলোয়াড় ঘিরে ধরছেন তাকে। ছবি: রয়টার্স

একদিকে স্পেন, অন্যদিকে আর্জেন্টিনা। বল পায়ে কী করতে হবে, সে দক্ষতার বিচারে সময়ের সেরা আন্তর্জাতিক দলগুলোর দুটি। বিশ্বকাপ ফাইনালে এমন দুই দল যখন মুখোমুখি, আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট ম্যাচের আশা কেউ করে থাকলে তাকে দোষ দেওয়া অন্তত যায় না।

কিন্তু নিউ জার্সিতে আজ স্পেন-আর্জেন্টিনা ম্যাচটা প্রথমার্ধে হয়েছে একেবারে ম্যাড়মেড়ে। স্পেন তবু খেলার চেষ্টা করেছে, আর্জেন্টিনা কী করার চেষ্টা করেছে সেটা মেসি-স্কালোনিরাই ভালো বলতে পারবেন।

Advertisement

আপাতত আর্জেন্টিনার জন্য সুখবর এতটুকুই যে, ম্যাচটা গোলশূন্যই আছে।

স্পেন আর আর্জেন্টিনার পাশাপাশি ম্যাচটাকে ‘মেসি ভার্সেস ইয়ামাল’ও তো বলা হচ্ছিল। সে দ্বৈরথে আপাতত গুরুত্বপূর্ণ তথ্য এতটুকুই যে, মেসি পুরো প্রথমার্ধে বলে স্পর্শ করেছেন ৬ বার – আর্জেন্টিনারই নিকো গনসালেসের সঙ্গে প্রথমার্ধে যৌথভাবে দ্বিতীয় সর্বনিম্ন। সর্বনিম্ন ৫ বার বলে স্পর্শ করেছেন আর্জেন্টিনা স্ট্রাইকার হুলিয়ান আলভারেস। আর্জেন্টিনা কেমন খেলেছে, সেটা সম্ভবত আলাদা করে আর বলার দরকার পড়ছে না।

মেসি-ইয়ামাল দ্বৈরথে ইয়ামালও যে আহামরি করেছেন, তা নয়। তবে কিছু করার আগেই তার ওপর যেভাবে হুড়মুড় করে পড়েছেন একের পর এক আর্জেন্টাইন ডিফেন্ডার, সেটা ইয়ামালের প্রভাবের কথাই বলে। ম্যাচের শুরুতেই অবশ্য ইয়ামাল দারুণ এক সুযোগ পেয়েছিলেন, তবে তার শট ঠেকিয়ে দেন আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস।

স্পেন প্রথমার্ধে আরও দুটি শট নিয়েছে। আর্জেন্টিনা শূন্য। দুই দল মিলিয়ে মাত্র তিনটি শট – বিশ্বকাপ ইতিহাসে কোনো ফাইনালের প্রথম ৪৫ মিনিটে এত কম শটের রেকর্ড আর নেই। অবশ্য এখানে চাইলে এই শতাব্দীর একটা ট্রেন্ডও চোখে পড়তে পারে। এবারের ফাইনালের প্রথমার্ধ সবচেয়ে কম শটের পথে ভেঙেছে চার বছর আগের ফাইনালের রেকর্ড, সেবার দুই দল মিলিয়ে প্রথম ৪৫ মিনিটে শট নিয়েছিল ৬টি – সবগুলোই আর্জেন্টিনার। আর ২০২২ ভেঙেছিল কোন বিশ্বকাপের রেকর্ড? ঠিক ধরেছেন, ২০১৮! সেই রেকর্ডে অবশ্য যৌথভাবে ২০০৬-ও সঙ্গী। ওই দুই বিশ্বকাপে দুই দল মিলিয়ে রাশিয়ায় প্রথমার্ধে শট নিয়েছিল ৭টি করে।

এই ধারা ধরে রাখলে ২০৩০ বিশ্বকাপের ফাইনালের প্রথমার্ধ না দেখার পরিকল্পনা এখনই নিয়ে রাখতে পারেন!

তা আজ প্রথমার্ধে আর্জেন্টিনার সমর্থকেরা খেলা দেখে কী করেছেন, সে এক ব্যাপার বটে! মেসি একটা থ্রু ধরার আগেই স্পেন গোলকিপার পোস্ট ছেড়ে প্রায় মাঝমাঠে এসে তা ক্লিয়ার করেছেন, স্পেনের দুই সেন্টারব্যাক একবার করে ভুল পাস দিয়ে আর্জেন্টিনাকে লোভ দেখিয়েছেন…এর বাইরে আর্জেন্টিনা পুরো প্রথমার্ধে কী করেছে, তা আবার মনে করতে গেলে অনেকগুলো ট্যাকল আর নিজেদের অর্ধে প্রেসিং এবং বলের দখল পেলেই কয়েক সেকেন্ডের মধ্যেই বারবার হারিয়ে ফেলার অনেকগুলো বিচ্ছিন্ন দৃশ্যই মনে ভাসবে। আর্জেন্টিনার জন্য বড় দুঃসংবাদ, প্রথমার্ধের শেষদিকে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পুরো বিশ্বকাপে তাদের রক্ষণের অন্যতম ভরসা লিসান্দ্রো মার্তিনেসকে, তার জায়গায় নেমেছেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

আর্জেন্টিনার ভাগ্য ভালো, স্পেন প্রায় ৬৫% বলের দখল নিয়েও বারবার আর্জেন্টিনার বক্সের সামনে খেই হারিয়েছে। ইয়ামালের শট, ওইয়ারসাবালের একটা শটের বাইরে স্পেনের কয়েকটি আক্রমণ শেষ পাসটা ঠিকঠাক না হওয়ার আফসোসেই শেষ হয়েছে।

সম্পর্কিত