রয়্যাল এনফিল্ড বাংলাদেশ হান্টার ৩৫০-এর আটটি আকর্ষণীয় মডেল এবং ক্ল্যাসিক ৩৫০-এর তিনটি নতুন মডেল বাজারে নিয়ে এসেছে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঝারি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন (২৫০-৭৫০ সিসি) এসব মোটরসাইকেল রয়্যাল এনফিল্ডের টাইপ-২ ম্যানুফ্যাকচারার ইফাদ মোটরস লিমিটেডের মাধ্যমে বিক্রি করা হবে।
রয়্যাল এনফিল্ডের জনপ্রিয় এই দুটি মোটরসাইকেল মডেলে যুক্ত হয়েছে নতুন ও আকর্ষণীয় রঙের সমাহার। এর ফলে গ্রাহকেরা নিজেদের পছন্দ ও ব্যক্তিত্ব অনুযায়ী মোটরসাইকেল বেছে নেওয়ার আরও বেশি সুযোগ পাবেন। একই সঙ্গে হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০-এর নিজস্ব বৈশিষ্ট্য, ঐতিহ্যবাহী ডিজাইন এবং স্বাচ্ছন্দ্যময় রাইডিং অভিজ্ঞতা অক্ষুণ্ণ রাখা হয়েছে।
নতুন হান্টার ৩৫০ পাওয়া যাবে আটটি আকর্ষণীয় মডেল ও রঙে- রেবেল ব্লু, ড্যাপার গ্রে, লন্ডন রেড, টোকিও ব্ল্যাক, রিও হোয়াইট, গ্রাফাইট গ্রে, মুনশট হোয়াইট এবং মুম্বাই ইয়েলো।
নতুন হান্টার ৩৫০-এ যুক্ত হয়েছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, এলইডি হেডলাইট এবং টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তি।
অন্যদিকে, ক্ল্যাসিক ৩৫০-এর নতুন মডেলগুলো পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় রঙ ও সিরিজে- ডার্ক সিরিজের গান গ্রে, হেরিটেজ প্রিমিয়াম সিরিজের মেডালিয়ন ব্রোঞ্জ এবং ক্রোম সিরিজের এমারেল্ড গ্রিন।
রয়্যাল এনফিল্ডের ক্ল্যাসিক ৩৫০-এর অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ এবং টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জিংয়ের মতো সুবিধা দৈনন্দিন যাত্রাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।
বিস্তারিত তথ্য জানতে আগ্রহী গ্রাহকেরা তাদের নিকটস্থ রয়্যাল এনফিল্ডের অনুমোদিত শোরুমে যোগাযোগ করতে পারবেন।