নাইজেরিয়ার বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজের ২৫ যাত্রী ও ৭ ক্রুসহ মোট ৩২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট বোলো টিনুবু। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে টিনুবু বলেন, “বিমানবাহিনীর প্রধান আমাকে এ বিষয়ে অবহিত করেছেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে নাইজেরিয়ার বিমানবাহিনীকে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছি।”
নাইজেরিয়ার বিমানবাহিনীর এটিআর-৪২ মডেলের উড়োজাহাজটি বেনিন সিটি থেকে লাগোসে নিয়মিত একটি মিশনে যাচ্ছিল। সোমবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ৮টা ১৩ মিনিটে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়ে যায় বলে জানান দেশটির বিমান চলাচলমন্ত্রী ফেস্টাস কেইয়ামো।
সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনাগুলোর একটি এটি।
পরে উপকূলীয় শহর ইগবোকোডার কাছে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। পরে সেখানে উদ্ধার ও অনুসন্ধানকারী দল পাঠানো হয়।