খুলনায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে তাদেরকে খুলনা সদর ও হরিণটানা থানা এলাকা থেকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সদর থানার দক্ষিণ টুটপাড়া সার্কুলার রোডের সাব্বিরের বাড়ির ভাড়াটিয়া সালাউদ্দিন আহমেদ ও লবণচরা থানার হরিণটানা ৪ নং ওয়ার্ডের আবিদ হাসান রানা।
সদর থানার এসআই জামাল উদ্দিন বলেন, “আজ ভোর সাড়ে ৪টার দিকে টুটপাড়া সার্কুলার রোড থেকে সালাউদ্দিন আহমেদকে প্রথমে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে হরিণটানা থানা এলাকার রানার কক্ষের বিছানার নিচ থেকে একটি রিভলবার, একটি রিভলবারের গুলি, ১৬টি পিস্তলের গুলি ও ২৪টি শর্টগানের তাজা কার্তুজ জব্দ করা হয়।”
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শীর্ষ সন্ত্রাসী রফিক বাহিনীর সহযোগী বলে জানায়। এছাড়াও তারা খুলনা মহানগরীতে তাদের সহযোগীদেরকে বিভিন্ন সময়ে অস্ত্র প্রদান করে সন্ত্রাসী কার্যক্রমে সহায়তা করত। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”