খুলনার শীর্ষ সন্ত্রাসী সংগঠন ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য ‘চিংড়ি পলাশের’ বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তার স্ত্রী টিকলি মাক্কি রানীকে (৩০) গ্রেপ্তার করেছে ডিবি।
গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, “রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি চিংড়ি পলাশের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়ি ঘিরে ফেলে। এ সময় ওই বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। বাড়ি থেকে সন্ত্রাসী চিংড়ি পলাশের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।”
উপ-পুলিশ কমিশনার আরও বলেন, পলাশ গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রী দুইটি সন্তান নিয়ে ঢাকায় চলে যান। এরপর সেখানে একটি গার্মেন্টসে চাকরি করতেন। স্বামীর সংসারে তিনি আর ফিরতে চাননি। পরে তার ভাসুর স্বামীর জামিনের মিথ্যা তথ্য দিয়ে তাকে খুলনায় নিয়ে আসেন।
আহাদুজ্জামান বলেন, পলাশের বাড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। তবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসী পলাশের বড় ভাইয়ের সংগ্রহে ছিল এ অস্ত্র।
পুলিশের সূত্রে জানায়, ২০২৫ সালের ৭ ডিসেম্বর যশোর থেকে শীর্ষ সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশকে গ্রেপ্তার করে তৎকালীন র্যাব-৬। বর্তমানে তিনি কারাগারে আছেন। চিংড়ি পলাশ মূলত খুলনা ও আশপাশের জেলাগুলোর চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে, যার মধ্যে সোনাডাঙ্গা থানায় ৮টি হত্যা মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।