Advertisement

আর্জেন্টিনার কাজটা সহজ করে দিলেন সুইজারল্যান্ডেরই স্ট্রাইকার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

আর্জেন্টিনার কাজটা সহজ করে দিলেন সুইজারল্যান্ডেরই স্ট্রাইকার

সুইজারল্যান্ড তখন মাত্রই সমতায় ফিরেছে। ড্যান এনডয়ের দারুণ গোলে ১-১ সমতা ফিরেছে, ম্যাচে শুরু থেকেই সুইসরাই বরং বলের দখল বেশি রেখেছে। আর্জেন্টিনাকে, বিশেষ করে মেসিকে সে অর্থে খুঁজেই পাওয়া যাচ্ছিল না।

Advertisement

কিন্তু এনডয়ের গোলটার তিন মিনিট পর কী যেন হলো সুইজারল্যান্ডের স্ট্রাইকার ব্রিল এমবোলোর! একটা হলুদ কার্ড আগেই পেয়েছিলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে ফাউল করে। ৬৬ মিনিটে সেই পারেদেসের সঙ্গে বল দখলের লড়াইয়ে হঠাৎ পড়ে গেলেন এমবোলো। রেফারি প্রথমে হলুদ কার্ড দিয়েছিলেন পারেদেসকেই।

কিন্তু ভিএআর জানাল, এই বছরই চালু করা নতুন নিয়মে রেফারি ভুল করেছেন। রিপ্লে দেখাল, এমবোলো নিজেই ডাইভ দিয়েছেন, পারেদেস ফাউল করেননি। অর্থাৎ, এমবোলোকে হলুদ কার্ড দেখানো উচিত। ‘মিসটেকেন আইডেনটিটি’র নতুন নিয়ম কার্যকর হলো। পারেদেসের হলুদ কার্ড সরিয়ে তা দেখানো হলো এমবোলোকে। তার দ্বিতীয় হলুদ কার্ড।

কেন ওই সময়ে ওভাবে ডাইভ দিতে গেলেন এমবোলো, তার ব্যাখ্যা তিনিই জানেন। তবে তার এই ডাইভে সুবিধা হলো আর্জেন্টিনার। এর আগ পর্যন্ত মোটেই গুছিয়ে উঠতে না পারা আর্জেন্টিনা দশ জনের সুইজারল্যান্ডের বিপক্ষে বল দখলে রাখার সুযোগ পেয়েছে।

Advertisement

তা থেকে গোল অবশ্য পায়নি। এই প্রতিবেদন লেখার সময়ে নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-১ সমতা, ফলে ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে।