ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জন উঠেছে। তবে প্রেসিডেন্টের পদত্যাগের খবর অস্বীকার করেছে তেহরান।
স্থানীয় সময় গতকাল রোববার পেজেশকিয়ান দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কার্যালয়ে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে দাবি করেছে ইরান ইন্টারন্যাশনাল।
সংবাদ মাধ্যমটি জানায়, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ধীরে ধীরে প্রেসিডেন্টের বহু ক্ষমতা সীমিত করে দিয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ অংশগুলোর নিয়ন্ত্রণ কার্যত তারা নিজেদের হাতে নিয়েছে। এর ফলে রাজনৈতিক ও প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে পেজেশকিয়ানের প্রশাসনে।
তবে আইআরজিসি-ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি এক সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, প্রেসিডেন্ট পদত্যাগ করেননি এবং তিনি নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এক এক্স (সাবেক টুইটার) বার্তায় প্রেসিডেন্টের পদত্যাগের খবরকে কিছু বিদেশি গণমাধ্যমের 'মিডিয়া গেইম' বলে অভিহিত করেছেন প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগবিষয়ক উপপ্রধান মেহদি তাবাতাবায়ি। দেশের অভ্যন্তরে বিভক্তি নিয়ে চলমান জল্পনাকল্পনাও প্রত্যাখ্যান করেন তিনি। পেজেশকিয়ান কখনোই ইরানের জনগণের সেবা থেকে সরে দাঁড়াবেন না বলেও মন্তব্য করেন মেহদি।
কয়েক মাস ধরেই ইরানের সরকার ও সামরিক-নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভেদের দাবি করে আসছে মার্কিন প্রশাসনের অনেক কর্মকর্তা। দাবির পক্ষে বিভিন্ন খবরও প্রচার করছে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম।