আয়ারল্যান্ডের গোলরক্ষক গ্যাভিন বাজুনু জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং ইসরায়েলের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচগুলোতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। নিজের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত নীতিবোধ এবং বেসামরিক নাগরিকদের হত্যার প্রতি বিরোধিতার কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
হাঙ্গেরির ডেব্রিসেনে আজ রোববার ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আগে আইরিশ দলের মধ্যে দীর্ঘ আলোচনার পর ২৪ বছর বয়সী এই গোলরক্ষক তার সতীর্থদের জানান যে তিনি এতে অংশ নিতে চান না। এছাড়া আগামী ৪ অক্টোবর সার্বিয়ার বাচকা টোপোলায় ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের আরেকটি ম্যাচ খেলার কথা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বাজুনু বলেন, “আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করা তার কাছে ‘সবকিছু’ এবং তিনি তার সতীর্থ, কোচিং স্টাফ ও আইরিশ জনগণের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন।”
তিনি উল্লেখ করেন যে, সিদ্ধান্তটি তিনি হুট করে নেননি; বরং ধর্মীয় বিশ্বাস ও নিজের নীতি অনুযায়ী কাজ করার তাগিদ থেকেই তিনি মনে করেন যে ইসরায়েলের বিপক্ষে ম্যাচগুলোতে অংশ নেওয়াটা ভুল হবে।
গ্যাভিন ব্যাখ্যা করেন যে, তার এই সিদ্ধান্তের ভিত্তি হলো ‘নিরপরাধ মানুষ হত্যা করা ভুল’- এই বিশ্বাস। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন যে, তার এই অবস্থান ইসরায়েলি জনগণ বা ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। বরং ওই অঞ্চলে সংঘটিত নৃশংসতা বা ভয়াবহ কর্মকাণ্ডের বিষয়টিই তার এই সিদ্ধান্তের মূল কারণ।
আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড (এফএআই) গতকাল শনিবার জানিয়েছে, হাঙ্গেরিতে ইসরায়েলের বিপক্ষে আজ রোববার অনুষ্ঠিতব্য নেশনস লিগের ম্যাচে গাজা সংঘাতের ঘটনায় প্রাণ হারানো মানুষদের স্মরণে আয়ারল্যান্ডের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে খেলবেন।