কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে কণ্ঠস্বর নকল করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)।
আজ শনিবার সকালে রংপুর নগরীর উত্তম এলাকায় এসআরবি-১৩ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর কাউসার বাধন এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের সোহেল মন্ডল (২৭) ও হেলাল ইসলাম (২২)।
মেজর কাউসার বাধন বলেন, “গত ২০ জুলাই নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আমিনুল ইসলামের মোবাইল ফোনে কল করে প্রতারকরা জানায়- তার ছেলে তামিম আল মাহী কয়েকজন বন্ধুসহ মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েছে। পরে এআই প্রযুক্তির মাধ্যমে ছেলের কণ্ঠস্বর নকল করে আমিনুলের সঙ্গে কথা বলে প্রতারকরা। ছেলেকে ছাড়াতে তার কাছে অর্থ দাবি করা হয়। প্রতারকদের কথায় বিশ্বাস করে আমিনুল ইসলাম দুই দফায় নগদের মাধ্যমে মোট ৪০ হাজার টাকা প্রদান করেন।”
তিনি বলেন, “পরে ছেলের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আমিনুল ইসলাম বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনায় গতকাল শুক্রবার নাটোর সদর থানায় তিনি বাদী হয়ে মামলা করেন।”
মেজর কাউসার বলেন, “প্রযুক্তির অপব্যবহার করে মানুষের আবেগ ও বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতারণা করা হচ্ছে। মামলার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে এসআরবি-১৩-এর একটি দল গোবিন্দগঞ্জের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহেল মন্ডল ও হেলাল ইসলামকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।”
তিনি বলেন, “সে সময় তাদের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”