Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী জাতিকে সংকটের মুখোমুখি করছে: গোলাম পরওয়ার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী জাতিকে সংকটের মুখোমুখি করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি: চরচা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতির সামনে সংকটকে মুখোমুখি করে দিচ্ছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, মন্ত্রিসভা রদবদলের সময় চলে এসেছে।

Advertisement

আজ শনিবার বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদ এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াত।

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘‘আপনি সংসদে সংকট তৈরি করবেন। গণভোটের গণরায় বাস্তবায়নের সংকট তৈরি করবেন। এই একটা লোক জাতিকে সংকটের মুখোমুখি করে দিচ্ছে। ঢেলে দিচ্ছে। এটা জাতির কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে।’’

এসময় প্রধানমন্ত্রীর উদ্দেশে পরওয়ার বলেন, ‘‘দুঃখ হল, যারা জনগণের ভোটে ক্ষমতায় আসলেন, তারা এতটুকু সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। পারবেন কি করে? আপনারা শুধু বিরোধী দলকে দায়ী করেন। আপনারা যারে স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছেন, তার চেহারার দিকে একটু তাকায় দেখেন। এইটুকু একটা জেলার সন্ত্রাসকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন না। তার দায়িত্বে থাকার প্রয়োজন আছে কিনা? প্রধানমন্ত্রীকে আমরা ভেবে দেখতে বলব।’’

গোলাম পরওয়ার বলেন, ‘‘সরকারের মন্ত্রিসভার কার উপরে কি দায়িত্ব দেওয়া যায়? আপনার পুনর্বিবেচনা করার সময় এসেছে।’’

পরওয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রসঙ্গে বলেন, ‘‘আধিপত্যবাদী শক্তির সাথে লাইন, রাখে লিংক রাখে। ভারতের সাংবাদিকরা মিডিয়াতে বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী যখন কয় বছর ভারতে আশ্রয় নিয়েছিলেন তখন র’-এর সাথে যোগাযোগ করে কি পরিমাণ ট্রেনিং তিনি নিয়েছেন। এ খবর তো প্রধানমন্ত্রী আপনি রাখেন না। এই সব ট্রেনিং এখন কাজে লাগাইতেছে।’’