Advertisement

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৩

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৩
ইসরায়েলি বিমান হামলার পর একটি ভবনের ভেতরের ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের সদস্যরা। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ২০ জন।

Advertisement

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ২০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

Advertisement

গাজা থেকে আল-জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি জানান, নিহত ও আহতদের বেশির ভাগই ছিলেন রোগী। তাদের মধ্যে এমন ব্যক্তিরাও ছিলেন, যাদের পরদিন অস্ত্রোপচার হওয়ার কথা ছিল।

খুদারি বলেন, “নাসের মেডিকেল কমপ্লেক্সের দ্বিতীয় তলায় হামলা চালানো হয়েছে। এটি গাজা উপত্যকার অন্যতম বড় হাসপাতাল এবং খান ইউনিসে এখনো চালু থাকা একমাত্র হাসপাতাল। দক্ষিণ গাজার অন্তত পাঁচ লাখ মানুষকে এ হাসপাতাল থেকে চিকিৎসাসেবা দেওয়া হয়।”

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হাসপাতালে হামাসের এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হামাস এ হামলার নিন্দা জানিয়ে একে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে। সংগঠনটি বলেছে, এ হামলা ইসরায়েলি দখলদার বাহিনীর দায়মুক্তির বিষয়টি প্রকাশ করেছে।

এদিকে, নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলার আগে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় আরও সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।