Advertisement

জেনসেনের নারী কেলেঙ্কারির মূল্য কতটা চড়া?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

জেনসেনের নারী কেলেঙ্কারির মূল্য কতটা চড়া?
এনডিভিয়ার প্রধান জেনসেন হুয়াং। ছবি: এআই দিয়ে তৈরি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বৈশ্বিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিগুলোর একটি এনভিডিয়া। প্রতিষ্ঠানটির তৈরি উন্নতমানের চিপ ছাড়া আধুনিক এআই প্রযুক্তির বিকাশ, প্রশিক্ষণ ও পরিচালনা প্রায় অকল্পনীয়। ফলে এনভিডিয়া এখন কেবল একটি প্রযুক্তি কোম্পানি নয়; যুক্তরাষ্ট্র ও চীনের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতারও অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। কিন্তু প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে সাম্প্রতিক ব্যক্তিগত কেলেঙ্কারি এই প্রযুক্তি সাম্রাজ্যের সামনে নতুন ধরনের ঝুঁকি তৈরি করেছে। বিষয়টি শুধু একজন শীর্ষ নির্বাহীর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক নয়; এর সঙ্গে যুক্ত হয়েছে চীনা গোয়েন্দা তৎপরতার অভিযোগ, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চীনে চিপ সরবরাহ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রশ্ন।

Advertisement

দ্য কনভারসেশন-এ গতকাল মঙ্গলবার প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, এনভিডিয়ার সংকট বুঝতে হলে প্রথমে বৈশ্বিক এআই শিল্পে প্রতিষ্ঠানটির অবস্থান বুঝতে হবে। বর্তমানে এনভিডিয়া বিশ্বের সবচেয়ে বড় উচ্চক্ষমতাসম্পন্ন এআই চিপ ও ডেটা সেন্টার চিপ সরবরাহকারী। কিছু হিসাব অনুযায়ী, এ বাজারে প্রতিষ্ঠানটির অংশীদারত্ব ৮০ শতাংশের বেশি। ভিডিও গেমের গ্রাফিকস তৈরির জন্য গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ উৎপাদন দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে দেখা যায়, বিপুল পরিমাণ তথ্য দ্রুত বিশ্লেষণ ও গণনার জন্য জিপিইউ অত্যন্ত কার্যকর। এআই মডেল প্রশিক্ষণ এবং সেগুলো পরিচালনার ক্ষেত্রেও এই চিপের প্রয়োজনীয়তা ব্যাপক। ফলে এআই বিপ্লবের সঙ্গে এনভিডিয়ার ব্যবসা অভূতপূর্বভাবে সম্প্রসারিত হয়েছে। গুগল ও এএমডির মতো প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক চিপ তৈরি করলেও এনভিডিয়ার বাজার আধিপত্য এখনো বড় চ্যালেঞ্জের মুখে পড়েনি।

এই আধিপত্যই এনভিডিয়াকে যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ওয়াশিংটনের আশঙ্কা, চীন উন্নত এআই প্রযুক্তিতে দ্রুত অগ্রসর হলে সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ কারণে ২০২২ সাল থেকে চীনের কাছে এনভিডিয়ার সবচেয়ে শক্তিশালী চিপ বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যদিও পরবর্তী সময়ে কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে, তবু উন্নত প্রযুক্তির প্রবেশাধিকার নিয়ন্ত্রণের মার্কিন নীতি বহাল রয়েছে।

Advertisement

অন্যদিকে চীন বিভিন্ন উপায়ে এসব নিষেধাজ্ঞার সীমাবদ্ধতা অতিক্রমের চেষ্টা করছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনভিডিয়ার চিপ কিনে সেগুলো চীনে পাঠানোর অভিযোগ উঠেছে। জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক প্রকাশ্যে আসার পর এ অভিযোগগুলো নতুন গুরুত্ব পেয়েছে। অ্যালিস হুয়াংয়ের সাবেক প্রতিষ্ঠান মেগাস্পিডের বিরুদ্ধেও এ ধরনের বাণিজ্যের অভিযোগ রয়েছে। তবে অভিযোগগুলো তদন্তের বিষয়; এগুলোকে প্রমাণিত অপরাধ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

দ্য কনভারসেশনের বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, সিঙ্গাপুর থেকে এক বছরে ৩০০ কোটি ডলারের বেশি মূল্যের চিপ চীনে যাওয়ার তথ্য বাণিজ্যিক নথিতে পাওয়া গেছে। মালয়েশিয়া থেকেও একই ধরনের সরবরাহের তথ্য রয়েছে। নিষিদ্ধ চিপ চীনা কোম্পানিগুলোর কাছে পৌঁছে দেওয়ার একটি ব্যবসায়িক নেটওয়ার্কও গড়ে উঠেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ফলে প্রশ্ন উঠছে, এনভিডিয়া কি তার পণ্যের চূড়ান্ত গন্তব্য সম্পর্কে যথেষ্ট সতর্ক ছিল? প্রতিষ্ঠানটির বিক্রয়প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম ছিল কি না, কিংবা নিষেধাজ্ঞা এড়িয়ে চিপ সরবরাহের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল কি না, তা এখন তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়।

এখানে জেনসেন হুয়াংয়ের ভূমিকা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি দীর্ঘদিন ধরে চীনের কাছে মার্কিন চিপ বিক্রির বিধিনিষেধ শিথিল করার পক্ষে লবিং করে আসছেন। তার যুক্তি ছিল, চীনের বাজার থেকে এনভিডিয়াকে দূরে সরিয়ে দিলে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোই ক্ষতিগ্রস্ত হবে এবং চীনা প্রতিষ্ঠানগুলো নিজস্ব চিপ প্রযুক্তি বিকাশের সুযোগ পাবে। কিন্তু অ্যালিস হুয়াংকে ঘিরে গোয়েন্দা তৎপরতার অভিযোগ প্রকাশের পর তার এই অবস্থান নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা জানতে চাইছেন, চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযুক্ত একজন ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক কীভাবে গড়ে উঠেছিল এবং এনভিডিয়া বিদেশি গোয়েন্দা তৎপরতা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে কী ব্যবস্থা নিয়েছে।

হুয়াং স্বীকার করেছেন যে তিনি অ্যালিস হুয়াং নামের এক নারী ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন। ছবি: সংগৃহীত
হুয়াং স্বীকার করেছেন যে তিনি অ্যালিস হুয়াং নামের এক নারী ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন। ছবি: সংগৃহীত

এনভিডিয়ার জন্য সবচেয়ে বড় ঝুঁকি হতে পারে মার্কিন সরকারের তদন্ত ও নিয়ন্ত্রণ আরও কঠোর হওয়া। প্রতিষ্ঠানটিকে যদি প্রতিটি চিপের চূড়ান্ত ব্যবহারকারী ও গন্তব্য সম্পর্কে কঠোর নিশ্চয়তা দিতে বাধ্য করা হয়, তাহলে চীনের বাজারে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে উঠবে। একই সঙ্গে অন্যান্য দেশের মাধ্যমে চীনে চিপ সরবরাহের অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানটির সুনাম ও ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। অপরাধমূলক তদন্তের মুখে পড়লে জরিমানা, রপ্তানি নিষেধাজ্ঞা এবং ব্যবস্থাপনায় পরিবর্তনের মতো ঝুঁকিও তৈরি হবে।

তবে সংকটের প্রভাব শুধু এনভিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকার আশঙ্কা নেই। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো এআই অর্থনীতির ভবিষ্যৎ। বর্তমানে এআই খাতে বিপুল বিনিয়োগের একটি অংশ এমন আর্থিক ব্যবস্থার ওপর নির্ভরশীল, যেখানে একটি প্রতিষ্ঠান তার সরবরাহকারী কিংবা গ্রাহক প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে। ফলে একই অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ঘুরে এআই বাজারের প্রবৃদ্ধি বাড়িয়ে দেখাতে পারে। এনভিডিয়া এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রবৃদ্ধি বা বিনিয়োগকারীদের আস্থা কমে গেলে পুরো এআই বিনিয়োগব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে এআই প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ মুনাফা নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে সংশয় বাড়ছে। ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠান বিপুল অর্থ সংগ্রহের চেষ্টা করছে। কিন্তু এসব বিনিয়োগ থেকে প্রত্যাশিত মুনাফা আসবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ডেটা সেন্টার নির্মাণের ব্যয়, বিদ্যুতের চাহিদা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর বিরোধিতাও এ খাতের সম্প্রসারণে বাধা হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ এনভিডিয়ার সংকট এমন এক সময়ে এসেছে, যখন এআই শিল্প নিজেই বিনিয়োগের যৌক্তিকতা ও দীর্ঘমেয়াদি লাভ নিয়ে প্রশ্নের মুখে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এনভিডিয়ার ব্যবসায়িক পরিচয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত ভাবমূর্তি গভীরভাবে জড়িয়ে আছে। কয়েক দশক ধরে তিনি শুধু একজন প্রধান নির্বাহী নন, এআই বিপ্লবের অন্যতম প্রধান স্থপতি হিসেবে পরিচিতি পেয়েছেন। বিনিয়োগকারীরা তার নেতৃত্ব ও ভবিষ্যৎদৃষ্টির ওপর আস্থা রেখেই প্রতিষ্ঠানটিকে সমর্থন দিয়েছেন। কিন্তু তার ব্যক্তিগত বিতর্ক যদি কোম্পানির পরিচালনব্যবস্থা, নিরাপত্তা ও নৈতিকতার প্রশ্নে পরিণত হয়, তাহলে সেই আস্থার ভিত্তি দুর্বল হতে পারে। এনভিডিয়ার পরিচালনা পর্ষদ ইতিমধ্যে বিষয়টি তদন্ত করছে এবং মার্কিন কংগ্রেসও তার কাছে ব্যাখ্যা চেয়েছে।

সব মিলিয়ে এনভিডিয়ার সামনে এখন তিনটি বড় চ্যালেঞ্জ—চীনের সঙ্গে প্রযুক্তি বাণিজ্য, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও নিয়ন্ত্রক সংস্থার চাপ এবং এআই বাজারে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা। জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত কেলেঙ্কারি এসব সমস্যাকে আরও জটিল করেছে। তবে এই মুহূর্তে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ কিংবা এনভিডিয়ার দায় সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। তদন্তের ফলই নির্ধারণ করবে সংকট কতটা গভীর।

এনভিডিয়ার সংকটকে একজন প্রধান নির্বাহীর ব্যক্তিগত বিতর্ক হিসেবে দেখলে এর প্রকৃত ব্যাপ্তি বোঝা যাবে না। এটি যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতা, বৈশ্বিক সরবরাহব্যবস্থা, জাতীয় নিরাপত্তা এবং এআই অর্থনীতির পারস্পরিক নির্ভরশীলতার একটি বড় পরীক্ষা। এনভিডিয়া যদি এই পরীক্ষায় ব্যর্থ হয়, তাহলে শুধু একটি প্রযুক্তি কোম্পানির বাজারমূল্য কমবে না; গোটা এআই শিল্পের প্রবৃদ্ধি, বিনিয়োগ ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হতে পারে।