সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন
সাখাওয়াত আলী খান। ফাইল ছবি

বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন। গতকাল রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

রোবরাব দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগেোযাগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন।

পোস্টে তিনি সাখাওয়াত আলী খানের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘‘স্যার চলে গেলেন কিছুক্ষণ আগে।’’ পরে আজ সোমবার সকালে আরেক স্ট্যাটাসে গীতি আরা নাসরীন জানিয়েছেন, ‘‘মরহুম অধ্যাপক সাখাওয়াত আলী খান স্যারের মরদেহ সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে আনা হবে।’’

জানা গেছে, অধ্যাপক সাখাওয়াত আলী খান কিছুদিন আগে স্ট্রোক করেন। তখন কয়েক দিন হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়। গতকাল রোববার রাতে তিনি আবার অসুস্থ হয়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

অধ্যাপক সাখাওয়াত আলী খান ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অবসরে যান। এরপর তিনি সেখানে পাঁচ বছর সংখ্যাতিরিক্ত (সুপার নিউমারারি) অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। অদ্যাবধি তিনি বিভাগটির ‘অনারারি প্রফেসর’ ছিলেন।

অধ্যাপক সাখাওয়াত আলী খান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন উপদেষ্টা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক সাখাওয়াত আলী খান নরসিংদীর শিবপুর উপজেলায় এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। শিক্ষকতা পেশায় আসার আগে প্রায় এক দশক তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেছেন।

সম্পর্কিত