Advertisement

নবীনগর-বাইশমাইলে ট্রাকের ধাক্কায় নিহত ১

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

নবীনগর-বাইশমাইলে ট্রাকের ধাক্কায় নিহত ১
প্রতীকী ছবি

ঢাকার সাভারের নবীনগর-বাইশমাইল এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাইয়ূম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী, ছেলে ও মা-সহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পরিবারের তিন সদস্য ছাড়াও রয়েছেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

Advertisement

আজ রোববার বিকেল ৩টার দিকে বাইশমাইল এলাকার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ইউ-টার্নে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত আব্দুল কাইয়ূমের গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জ সদর এলাকায়। তিনি পরিবার নিয়ে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং ব্যবসা করতেন। তার স্ত্রী রুমা আক্তার ধামরাই মেডিকেলের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়া হিসেবে কর্মরত।

দুর্ঘটনায় আহত রুমা আক্তার জানান, রোববার বিকেলে তারা সিলেটে যাওয়ার উদ্দেশ্যে নবীনগরের দিকে রওনা হন। পরিবারের ছয় সদস্য একটি বড় অটোরিকশায় করে ইসলামপুর থেকে যাত্রা করেন। অটোরিকশাটি ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের সামনের ইউ-টার্নে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সবাই কমবেশি আহত হন।

রুমা আক্তার আরও জানান, দুর্ঘটনার পর তিনি নিজেই ফোন করে তাদের বাসার এক ভাড়াটিয়া ও অফিসের সহকর্মীদের বিষয়টি জানান।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা রুমা আক্তারের সহকর্মী বিজয় ও মেহেদী জানান, বিকেলে ফোনে দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। প্রথমে তাদের গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সহকর্মীর পরিবারের চারজন ও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিসহ মোট পাঁচজনকে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তারা।

ঢামেক হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুল কাইয়ূমকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, তাদের তিন সন্তান রয়েছে। দুর্ঘটনার সময় অটোরিকশায় থাকা অপর দুই কন্যাসন্তান গুরুতর আহত হয়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় রাখা হয়েছে।

বর্তমানে আহত চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন নিহতের স্ত্রী রুমা আক্তার (৩০), ছেলে রেজাউল করিম (৮), মা চন্দ্রনা বেগম (৬৫) এবং আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, নবীনগর-বাইশমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত এক পরিবারের চারজনসহ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাকি চারজনকে জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।