রাজধানীর মিরপুর ১০ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির।
সালাহউদ্দিন আহমদ বলেন, হকার উচ্ছেদ অভিযানের দায়িত্বে থাকা কর্তৃপক্ষগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণে মিরপুরে সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে। ওই সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়ি ও সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়।
সিটি করপোরেশন পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান চালানোর পরিকল্পনা করেছিল, এ বিষয়ে আগে থেকে কোনো গোয়েন্দা তথ্য ছিল কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রাথমিকভাবে আমি যা জানতে পেরেছি, তা থেকে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছি। আমি জানতে পেরেছি, দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট এবং সিটি করপোরেশন বা রাজউকের কর্মকর্তারা পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। আমার মনে হয়, এখানে সমন্বয়ের ঘাটতি ছিল।”
অবৈধ দখলমুক্ত করতে ডিএনসিসির উদ্যোগের অংশ হিসেবে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার লক্ষ্যে সকাল ১০টার দিকে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়।
একপর্যায়ে হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়।
এ ঘটনার সংবাদ সংগ্রহের সময় কয়েকজন গণমাধ্যমকর্মীকেও হকাররা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া যায়।