Advertisement

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশে সোপর্দ। ছবি: চরচা

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

Advertisement

আজ বুধবার বেলা ১২টার দিকে কলেজের নজরুল চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন-রাজশাহীর মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. ফয়সাল আহমেদ এবং একই উপজেলার ফুলশো গ্রামের হযরত আলীর ছেলে মেশকাতুল আহমেদ হবি। তারা দুজনই রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেন। এ সময় তারা জানান, তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ৫ আগস্টের পর থেকে তারা এবং তাদের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নন।

Advertisement

আটক দুই শিক্ষার্থীর দাবি, কলেজে প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা দিতে এসেছিলেন। এ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না।

এ বিষয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসিকুজ্জামান প্রীতম বলেন, “তারা কী নিয়ে গর্ব করে? তাদের নেত্রী তো পালিয়ে গেছেন, আর ফিরে আসবেন না। এভাবে সারা দেশে ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।”

আরেক শিক্ষার্থী রাজিব বলেন, “তারা নিজেদের মুখেই স্বীকার করেছে যে তারা ছাত্রলীগ করে। তাদের একজনের মুঠোফোন তল্লাশি করে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এমনকি গতকালও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও লেখালেখি করেছেন। আমরা তাদের কঠোর শাস্তি দাবি করছি।”

এ সময় শিক্ষার্থীরা আটক দুজনের মুঠোফোনে আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক গ্রুপ বা পেজের সঙ্গে সম্পৃক্ততা ও নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়ার দাবি করেন।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী বলেন, “আমিও শুনেছি রাজশাহী কলেজের ভেতর থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। এর বেশি কিছু বলতে পারব না।”

রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, আটক দুজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে চালান করে দেওয়া হয়েছে।