নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর ইউএনবির।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস বলেন, “মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুই ব্যক্তি স্টার পরিবহনের বাসে আগুন দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাসটি মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হতো।”
জুলহাস বলেন, “আগুনে বাসটির বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার সময় বাসটির ভেতরে কেউ ছিলেন না।”
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।”