ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আনুষ্ঠানিক প্রচার মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে শেষ হচ্ছে। প্রতীক বরাদ্দ পেয়ে দুই হাজার ২৯ জন প্রার্থী গত ২২ জনুয়ারি থেকে ভোট চাওয়ার সুযোগ পেয়েছিলেন।
প্রার্থীরা এখন নির্বাচনসংক্রান্ত প্রস্তুতিমূলক কার্যক্রম চালাতে পারবেন, তবে ভোট চাইতে পারবেন না।
এবারের ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
আগামী ১২ ফেব্রুয়ারি ২৯৯টি সংসদীয় আসনে সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোট দেওয়া যাবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ চরচাকে বলেন, “আমরা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের দ্বারপ্রান্তে। ভোটার ও প্রার্থীদের উৎসাহে আমি এ ব্যাপারে আশাবাদী। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো।’’
এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাশাপাশি মোট ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। তবে আওয়ামী লীগসহ নয়টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশগ্রহণ করেনি।
আইনশৃঙ্খলা মোতায়েন: প্রায় তিন শতাধিক মামলা
নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গত ৮ ফেব্রুয়ারি মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ৪৬১টি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে ২৫৯টি মামলা দায়ের এবং ৩২ লাখ ১৫ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়েছে।
ইসি জানায়, গত ৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ ৩৩টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে। এসব ঘটনায় ১৩টি মামলার বিপরীতে দুই লাখ ৫৪ হাজার ৪০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটগ্রহণের পর আরও দু’দিনসহ মোট সাত দিন দায়িত্বে থাকবেন। এ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মোট ৯ লাখ সদস্য মোতায়েন করা হচ্ছে। এরমধ্যে এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন।
নির্বাচনে প্রার্থী ও ভোটার
এবারের নির্বাচনে ২৯৯টি আসনে মোট দুই হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন মোট ৮৩ জন, যার মধ্যে দলীয় নারী প্রার্থী ৬৩ জন এবং স্বতন্ত্র নারী প্রার্থী ২০ জন।
দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার এক হাজার ২৩২ জন।
প্রথমবারের মত দেশের বাইরে অবস্থানরত প্রবাসী, সরকারি চাকুরীজীবি, ভোটগ্রহণ কর্মকর্তা এবং কয়েদিরা এবারের নির্বাচনে ডাকযোগে ভোট দিয়েছেন। পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন প্রায় ১৫ লাখ ভোটার। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল, যার মধ্যে ইতোমধ্যে চার লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট দেশে পৌঁছেছে।