সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিস্তারিত বিবরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে মন্ত্রণালয়।
সংসদীয় কমিটি সুপারিশ করেছে, তথ্য পাওয়ার পর মন্ত্রণালয় যেন ঘটনাটির পূর্ণাঙ্গ বিবরণ, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নেওয়া পদক্ষেপ এবং দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে কমিটিকে অবহিত করে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী।
কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম বৈঠকে অংশ নেন।
এ ছাড়া, কমিটির বিশেষ আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সংসদীয় কমিটি সৌদি আরবে বাংলাদেশের মিশনগুলোর সেবার মান উন্নয়নে মন্ত্রণালয়কে একটি বিস্তারিত আধুনিকায়ন পরিকল্পনা উপস্থাপনেরও সুপারিশ করেছে।
বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের মিশনগুলোর কার্যক্রম ও জনবল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের বর্তমান অবস্থা, দেশটিতে বাংলাদেশের মিশনগুলোর প্রধান কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সহযোগিতা, দ্বিপক্ষীয় বাণিজ্য, কর্মসংস্থান ও রেমিট্যান্স, শ্রমবাজারের প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা, রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মাধ্যমে দেওয়া শ্রমিক কল্যাণসেবা এবং হজ কার্যক্রমের ওপর একটি উপস্থাপনা তুলে ধরে।