জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো ভাষণ দেবেন তিনি।
স্থানীয় সময় সোমবার সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইউএনবি।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
এ সময় বিমানবন্দরে বিএনপির অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে গাড়িবহরে করে প্রধানমন্ত্রীকে ‘হায়াত অ্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন।
হোটেলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং কনসাল জেনারেল মোজাম্মেল হক।
এর আগে সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। ফ্লাইটটি তুরস্কের স্থানীয় সময় সকাল ১১টা ৩৫ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে দুই ঘণ্টা ৩৫ মিনিটের যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়।
সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন। এবারের সফরে তিনি বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা ইস্যুসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বমঞ্চে তুলে ধরবেন।
সফরের সূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
জানা গেছে, নিউইয়র্কের সব কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হবেন তিনি।