দুর্নীতির দায়ে কারাবন্দী মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গতকাল মঙ্গলবার কারাগার থেকে তার নিজ বাসভবনে স্থানান্তর করা হয়েছে। আদালতের এক রায়ের পর বাকি সাজা গৃহবন্দী অবস্থায় কাটানোর সুযোগ পেয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে কুয়ালালামপুর হাইকোর্ট তার কারাগার থেকে বাসভবনে স্থানান্তরের ক্ষেত্রে শেষ আইনি বাধা দূর করে।
বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার বড় ধরনের দুর্নীতির কেলেঙ্কারিতে কারাবন্দী হওয়া প্রথম সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে বহনকারী একটি গাড়ি কুয়ালালামপুরে তার বাসভবনে প্রবেশ করতে দেখা যায়। রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি থেকে কয়েক শ কোটি ডলার আত্মসাতের ঘটনায় দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০২২ সালের আগস্ট থেকে তিনি কারাগারে ছিলেন।
গত সেপ্টেম্বরে রাজকীয় ক্ষমা পাওয়ার পর আদালত নির্ধারিত জরিমানা পরিশোধ সাপেক্ষে বাকি সাজা গৃহবন্দী অবস্থায় কাটানোর সুযোগ পান নাজিব।
গত শুক্রবার তার রাজনৈতিক দল ৫ কোটি রিঙ্গিত (১ কোটি ২৩ লাখ ডলার) জরিমানা পরিশোধ করায় তিনি কারাগার থেকে বের হন। তবে অ্যাটর্নি জেনারেল স্থানান্তর প্রক্রিয়া আটকে দিয়ে আইনি বিষয়ে স্পষ্টীকরণ চাওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
অ্যাটর্নি জেনারেলের এই আবেদনের পর রাজপ্রাসাদ থেকে প্রকাশ্যে অসন্তোষ জানানো হয়। প্রাসাদ জানায়, নাজিবকে গৃহবন্দী রাখার অনুমতি দিয়ে রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দার যে ক্ষমা প্রদানের বিশেষাধিকার প্রয়োগ করেছেন, তা স্পষ্ট এবং অবশ্যই সম্মান করতে হবে। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার যেকোনো প্রচেষ্টা রাজকীয় আদেশ অমান্য করার শামিল হবে বলেও জানানো হয়।
মঙ্গলবার আদালতের শুনানি শেষে নাজিবের আইনজীবী মুহাম্মদ শাফি আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রীর কুয়ালালামপুরের বাসভবনে গৃহবন্দীত্বে স্থানান্তরের বিষয়ে সবকিছু চূড়ান্ত হয়েছে। ২০২৮ সালের ২৩ আগস্ট পর্যন্ত তাকে সেখানেই থাকতে হবে।
আইনজীবী বলেন, “এটি তার জন্য চূড়ান্ত স্বস্তির বিষয়। আপনারা জানেন, তিনি এ জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে তিনি যেন স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন।”
তবে গৃহবন্দীত্বের সুবিধা কেবল দুর্নীতির মামলায় তার প্রথম বিচারে কমিয়ে ছয় বছর করা সাজাটির ক্ষেত্রে প্রযোজ্য। গত বছরের ডিসেম্বরে দুর্নীতি ও অর্থ পাচারের দায়ে তাকে দেওয়া পৃথক ১৫ বছরের কারাদণ্ডের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। ১এমডিবি কেলেঙ্কারিসংশ্লিষ্ট দ্বিতীয় একটি বড় মামলায় ওই সাজা দেওয়া হয়েছিল।
ওই সাজাটির বিরুদ্ধেও আপিল করেছেন নাজিব। প্রথম সাজা শেষ হওয়ার পর তাকে দ্বিতীয় সাজা ভোগ করতে হবে। আপিলে ব্যর্থ হলে গৃহবন্দীত্বের মেয়াদ শেষ হওয়ার পর তাকে আবার কারাগারে ফিরতে হতে পারে।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন নাজিব। ১এমডিবি কেলেঙ্কারিতে কোনো অন্যায় করার কথা তিনি অস্বীকার করে আসছেন। এটি বিশ্বের অন্যতম বৃহৎ আর্থিক কেলেঙ্কারি হিসেবে পরিচিত। এর প্রভাব বৈশ্বিক আর্থিক বাজারেও পড়ে এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তদন্ত শুরু হয়।