Advertisement

ওমান উপসাগর থেকে তেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, রয়েছেন বাংলাদেশিসহ ১৮ ক্রু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ওমান উপসাগর থেকে তেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, রয়েছেন বাংলাদেশিসহ ১৮ ক্রু

ওমান উপসাগরে অবৈধ জ্বালানি বহনের অভিযোগে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। ওই জাহাজে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মোট ১৮ জন ক্রু রয়েছে।

Advertisement

ইরানের ফার্স সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু। এতে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাতভরের অভিযানে জাহাজটি জব্দ করা হয়।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইরানি গণমাধ্যম জানিয়েছে, ওমান সাগরের উপকূলে ছয় মিলিয়ন লিটার চোরাচালান করা ডিজেল জ্বালানি বহনকারী একটি তেলবাহী জাহাজে অভিযান চালানো হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, জাহাজটি তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল।

উপসাগরীয় অঞ্চলে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে ইরানি বাহিনী নিয়মিতভাবে জাহাজ আটকের ঘোষণা দিয়ে থাকে। ইরানে খুচরা জ্বালানির দাম বিশ্বে মধ্যে সবচেয়ে কম হওয়ায় অন্যান্য দেশে পাচার করে নেওয়া অত্যন্ত লাভজনক বলে মনে করা হয়।

Advertisement

গত মাসেও উপসাগরীয় জলসীমায় অননুমোদিত কার্গো বহনের অভিযোগে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছিল ইরান।

এই ট্যাংকার জব্দের ঘটনা ঘটল এমন এক সময়ে, যখন এর দুই দিন আগেই ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ জব্দ করে আমেরিকা। ওয়াশিংটনের দাবি, ওই জাহাজের ক্যাপ্টেন ভেনেজুয়েলা ও ইরান থেকে তেল পরিবহন করছিলেন।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ২০২২ সালে ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের অভিযোগ, ভেনেজুয়েলার সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ও হিজবুল্লাহ’র যোগাযোগ রয়েছে।