Advertisement

আদালতে নথি জালিয়াতি, আইনজীবী-বাদীর বিরুদ্ধে মামলা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

আদালতে নথি জালিয়াতি, আইনজীবী-বাদীর বিরুদ্ধে মামলা
প্রতীকী ছবি

আদালতে চলমান এক মামলার নথিতে জালিয়াতি করে আসামির নাম পরিবর্তনের অভিযোগ পাওয়া গেছে এক আইনজীবীর বিরুদ্ধে। এ ঘটনায় সেই মামলার বাদী মো. নূরে আলমকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। এ ঘটনায় আজ রোববার ঢাকার ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতের বেঞ্চ সহকারী বাদী হয়ে আইনজীবী ও বাদীর বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেন।

Advertisement

বেঞ্চ সহকারী মো. শরীফ উদ্দিন ভূঁইয়া বলেন, “আদালতের মূল নথি এভাবে ঘষামাজা ও কাটাকাটি করে পরিবর্তন করার বিষয়টি আদালতের নজরে আনার পর তার নির্দেশেই মামলা করা হয়েছে। একই সঙ্গে আসামি নূরে আলমকে কোতোয়ালি থানা পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।”

Advertisement

আদালত সূত্রে জানা যায়, ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন একটি মামলাটির শুনানির ধার্য তারিখে এ জালিয়াতির ঘটনা ঘটে। গত ২০ সেপ্টেম্বর ওই মামলার শুনানির জন্য নথিটি আদালতে উঠলে মামলার বাদী নূরে আলম নিজের প্রয়োজনে দেখার জন্য বেঞ্চ সহকারীর কাছ থেকে নথিটি নেন। পরে সন্ধ্যায় নথি গোছানোর সময় বেঞ্চ সহকারী দেখতে পান, নথির মূল নালিশি দরখাস্তে গুরুতর কাটাকাটি ও জালিয়াতি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিচারাধীন সেই মামলার নালিশি দরখাস্তে টাইপ করা ২ নম্বর আসামি জুনায়েদের নাম-ঠিকানা পরিবর্তন করে হাতে লিখে সজিন হোসেন ওরফে বাবু, তার বাবা ও ঠিকানার নাম পরিবর্তন করা হয়েছে। পরবর্তীতে নথি পর্যালোচনা করে দেখা যায়, শুধু মূল দরখাস্তই নয়; নালিশি দরখাস্তের সত্যায়িত অনুলিপি এবং এমনকি মামলার ‘তদন্ত প্রতিবেদনেও’ একই কৌশলে আসামির নাম হাতে লিখে জালিয়াতি করা হয়েছে। অথচ নতুন করে জালিয়াতির মাধ্যমে অন্তর্ভুক্ত করা সজিব হোসেন ওরফে বাবুর বিরুদ্ধে আদালত এর আগে কোনো আমল গ্রহণ করেননি।

পরবর্তীতে বিষয়টি বিচারকের নজরে আনেন বেঞ্চ সহকারী। বিচারকের নির্দেশে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি), জারিকারক মো. আবুল কালাম ও অফিস সহায়ক মো. বোরহান উদ্দিনের উপস্থিতিতে বাদী মো. নূরে আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে নথি জালিয়াতির বিষয়টি স্বীকার করে বাদী নূরে আলম আদালতকে বলেন, “আমি নথিতে কোনো কিছু লিখিনি। আমার নিয়োজিত পূর্বের আইনজীবী মো. মাহবুবুর রহমান খান এবং অজ্ঞাত আরও ২/৩ জন পরস্পর যোগসাজশে নথিতে আসামির নাম ও ঠিকানা পরিবর্তন করেছেন।”

এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে বাদী নূরে আলমকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করে এজাহার দায়ের করা হয়।