তিন শর্তে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করা হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল বুধবার তিনি এক্সে দেওয়া এক পোস্টে এসব শর্ত দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পেজেশকিয়ান বলেছেন, তেহরান এখনও আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুদ্ধ বন্ধ করতে হলে ইরানের বৈধ অধিকারকে স্বীকৃতি দিতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান লেখেন, ‘রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলে আমি অঞ্চলে শান্তির প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। এই যুদ্ধ জায়নবাদী শাসনব্যবস্থা ও যুক্তরাষ্ট্র শুরু করেছে। এটি শেষ করার একমাত্র উপায় হলো ইরানের বৈধ অধিকারকে স্বীকৃতি দেওয়া, ক্ষতিপূরণ প্রদান করা এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না হওয়ার জন্য শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা নিশ্চিত করা।’
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শুরু হওয়া সংঘাত নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।