সিলেট বেতার কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে দেলোয়ার নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরের বেতার কমপ্লেক্সের ভেতরে দেয়াল ঘেঁষে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার সিলেট নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।ইতোমধ্যেই তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় বেতারের কর্মচারীরা কমপ্লেক্সের ভেতরের সীমানা দেওয়ালের পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাত ৯টার দিকে সিলেট কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহটি উদ্ধারে কাজ শুরু করে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, নিহতের নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। মারা যাওয়া ব্যক্তি বেতারের কোনো কর্মী বা কর্মকর্তা নন। তিনি কীভাবে ভেতরে ঢুকলেন বা ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে আমরা এখনো কিছু জানতে পারিনি।’
ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত দল।