ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে সাবেক ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর পৈতৃক বাড়িতে আজ বৃহস্পতিবার ভোরে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বত্তরা।
বাড়িতে একা থাকা রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম জানান, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে। তারা মূল্যবান জিনিসপত্র লুট করে এবং বহুতল ভবনটির তিনটি কক্ষ ও বাইরে রাখা তিনটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
সোনাগাজী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হাজী রহিম উল্লাহ কার্যত্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেদ্দা (সৌদি আরব) শাখার সাবেক সভাপতি। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের অক্টোবরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।