চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুকুরে ডুবে দুই বোন মারা গেছে। উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসীপাড়া এলাকার পুকুর থেকে গতকাল শনিবার রাতে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত দুজনের মধ্যে একজনের নাম আমেনা আক্তার (১২), অপরজন আয়েশা আক্তার (১০)। তাদের বাবা মোহাম্মদ ইউনুস কলাউজানে একটি মাদ্রাসায় চাকরি করেন।
স্থানীয় লোকজন জানান, দুপুরে বাড়ির কাছে পুকুরে গোসলে নেমে দুই বোন নিঁখোজ হন। তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করছিল। এর মধ্যে এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে নেমে অচেতন অবস্থায় পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।