খুলনার রূপসায় চায়ের দোকানে এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জয় ঢালী (২৭)। দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে জয়ের বিরুদ্ধে রূপসা থানায় মারামারিসহ ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, বিরোধের জেরে জয় ঢালীকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা থেকে জয় ঢালী এলাকার শহীদের মোড়ে লিটুর দোকানে আড্ডা দিচ্ছিল। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে তার সঙ্গে কথা বলতে থাকে। এর কিছুক্ষণ পর ওই যুবকদের মধ্যে দুজন ধারাল অস্ত্র দিয়ে তার বাম পায়ে আঘাত করে। এতে জয় মাটিতে পড়ে যায়। এরপর তাকে গলাকেটে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহত যুবক বি কোম্পানির সদস্য ছিল। তার নামে রূপসা থানায় মারামারিসহ ৭টি মামলা রয়েছে। বিরোধের জেরে বি কোম্পানির সদস্যরা তাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হত্যার নেপথ্যের কারণ জানার চেষ্টা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।