দেশের ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে অত্যাধুনিক, সহজ ও দ্রুত ব্যাংকিং সেবা নিয়ে চট্টগ্রামের হাটহাজারি শাখার অধীনে কাটিরহাট উপশাখা চালু করেছে ঢাকা ব্যাংক পিএলসি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ব্যাংক।
আজ রোববার ব্যাংকের ৪১ তম এই উপশাখাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, ইভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. আলতামাস নির্ঝরসহ নিকটবর্তী অঞ্চলের বিভিন্ন শাখা-উপশাখার শাখা ব্যবস্থাপকগণ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাটিরহাট উপশাখার ইনচার্জ ও কর্মকর্তারা। এছাড়াও অনুষ্ঠানে কাটিরহাট মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি মো. রাশেদুল আলম, ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী ও আলমগীর জামান এবং অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মাহবুবুল আলম চৌধুরীসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ বলেন, ঢাকা ব্যাংকের ভিশন ‘Transforming Together’-এর আলোকে দেশব্যাপী শাখা-উপশাখা নেটওয়ার্ক সম্প্রসারণের কৌশলগত লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে ব্যাংকটি। পাশাপাশি সেবার উৎকর্ষতা বজায় রাখা, গ্রাহকসম্পর্ক আরও সুদৃঢ়করণ, উদ্ভাবনী ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঢাকা ব্যাংক পরিবার। কাটিরহাট উপশাখার উদ্বোধন ব্যাংকের এই ধারাবাহিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ সংযোজন।