আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হওয়া বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে এবার একই সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খবর ইউএনবির।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এর ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী ডা. শাহাদাত হোসেন সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
বিধি অনুযায়ী ডা. শাহাদাত মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাকে মেয়র প্রার্থী হিসেবে বিজয়ী ঘোষণা করে রায় দেন।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৯ আগস্ট তৎকালীন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। পরে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে চসিক প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।