লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী একটি বাস উল্টে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে চর চামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর ইউএনবির।
নিহতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার সিদ্দিকুর রহমানের স্ত্রী মনসুরা বেগম (৫০), চন্দ্রগঞ্জের নুর মোহাম্মদের ছেলে বাবুল ও রামগতি উপজেলার আশিক।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনজুর বলেন, বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আহত হন ১৬ জন।
পরে আহতদের মধ্যে আরও একজন স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম রনি বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের নোয়াখালী ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।