Advertisement

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
সামান্তা শারমিন। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আজ বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

Advertisement

গত ২৩ অক্টোবর এনসিপির নতুন কমিটি ঘোষিত হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা চলছিল। নতুন কমিটিতে তাকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়। এ ক্ষেত্রে এই নেত্রীর পদাবনতি হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।

Advertisement

মূলত এনসিপির জামায়াতে ইসলামী প্রীতি, অভ্যন্তরীণ গণতন্ত্রহীনতা ও নারী অধিকার অবমূল্যায়নের অভিযোগ এনে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি।

সামান্তা শারমিন তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন, জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও সংস্কারের পরিপন্থী। দলটির সঙ্গে জোট বজায় রেখে এনসিপি তাদের প্রারম্ভিক রাজনৈতিক মূল্যবোধ ও আদর্শ বিসর্জন দিয়েছে। তিনি লিখেছেন, “জামায়াত প্রকৃত অর্থে সংস্কারের রাজনীতি ধারণ করে না। সংগঠনটির দার্শনিক ভিত্তি ও প্রস্তাবিত রাষ্ট্রপ্রকল্প গণতান্ত্রিক রাষ্টপ্রকল্প নয়। জামায়াতকে যতটুকু সংস্কারের কথা বলতে দেখা যায় ততটুকু বলে ২৪ এর আকাঙ্খাকে কুক্ষিগত করার প্রয়োজন থেকে, ভণিতা হিসেবে।”

২০২৬ সালের নির্বাচনকে অর্থবহ রাজনৈতিক রূপ না দিয়ে ‘বড়’ কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করার মাধ্যমে এনসিপি নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক সম্ভাবনা ও অভ্যুত্থানের চেতনাকে ম্লান করেছে বলে তিনি মন্তব্য করেন।

সামান্তা লিখেছেন, “এনসিপির সুযোগ ছিল ঐকমত্য কমিশন, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের ব্যর্থতা ইত্যাদির পরেও যারা এই পুরোনো ব্যবস্থাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চায় তাদের সাথে জোট করা অথবা একা হলেও একটা রাজনৈতিক নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। এই কাজটি করতে পারলে এখনকার ফলাফলের চেয়ে আরো ভালো ফলাফল পেতে পারতো এনসিপি। কারণ রাজনৈতিক নির্বাচনের ফলাফল দলীয় ক্ষমতা দিয়ে হয় না। এটাই ইতিহাসে পূর্ববর্তী সকল রাজনৈতিক নির্বাচনের শিক্ষা।”

সামান্তা ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে লেখেন, “অগণতান্ত্রিক ও অতি পুরাতন নির্বাচনী কৌশল 'বড় পার্টির সাথে জোট' করার কারণ হিসেবে ওনার মৃত্যুর ঘটনাকেই ব্যবহার করা হয়েছে, যা পুরোপুরি অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত।”

২০২৪ সালের গণঅভ্যুত্থানে নারীরা সম্মুখসারির যোদ্ধা হলেও বিজয়ের পর এনসিপি পুরোনো রক্ষণশীল দলগুলোর মতো নারী নেতৃত্বকে কোণঠাসা করেছে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের সমান অংশীদারিত্ব নিশ্চিত করেনি বলে জানিয়েছেন সামান্তা।

তিনি লিখেছেন, “নারীদের রাজনৈতিকভাবে পেছনে ঠেলে দেওয়ার প্রক্রিয়ায় জামায়াত ও অতি-ডানপন্থী শক্তিগুলোর ভূমিকা রয়েছে। এনসিপিও বিভিন্ন ক্ষেত্রে তাদের রক্ষণশীল অবস্থানের অনুসারী ও সহযোগী হয়েছে। ফলে সমস্যাটি কেবল বিচ্ছিন্ন কিছু সিদ্ধান্তে সীমাবদ্ধ নেই; দলের সাংগঠনিক কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মধ্যেও নারীবিরোধী অবস্থান জায়গা করে নিয়েছে।”

সামান্তা আরও জানান দলীয় কাউন্সিল আয়োজন না করে পুনরায় আহ্বায়ক কমিটি পুনর্গঠনের মাধ্যমে দলটি পুরোনো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করছে এবং অভ্যন্তরীণ গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করছে । প্রায় এক বছর ধরে দলের ভেতরে মতাদর্শিক সংগ্রাম ও সংস্কারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানান। পুরোনো কাঠামোর রাজনীতির বাইরে গিয়ে বিভাজনের রাজনীতির বিপরীতে মানুষের অধিকার, সার্বভৌমত্ব এবং নারীর সমান অংশগ্রহণের ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার ডাক দিয়ে তিনি তার রাজনৈতিক অভিযাত্রার পরবর্তী অধ্যায় শুরু করার ঘোষণা দেন।