রাজশাহীতে চলন্ত কাভার্ডভ্যানের তালা ভেঙে চুরি হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল ও নগদ বৈদেশিক মুদ্রাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে পুঠিয়া থানার তারাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- চারঘাট থানার চামটা গ্রামের মো. মোজাম্মেল হক, পুঠিয়া থানার গন্ডগোহালী জামতলা গ্রামের মো. সোহান রহমান, একই থানার বারই পাড়া গ্রামের মো. রুবেল আহমেদ ও তারাপুর গ্রামের মো. শাহাদত হোসেন।
অভিযানকালে শাহাদত হোসেনের বসতবাড়ি থেকে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ ইউএস ডলার, নগদ ৮ হাজার টাকা, একটি ম্যাসাজ বেড, একটি লাগেজ ও চারটি প্লাস্টিকের বক্স উদ্ধার করা হয়। এছাড়া, অপরাধের কাজে ব্যবহৃত তালা ভাঙার বিভিন্ন যন্ত্রপাতি এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিসিবি পরিচালিত ডিভিশন ক্রিকেট টিমের মালামাল ভর্তি একটি কাভার্ডভ্যান ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়। পথে গতকাল বুধবার ভোর আনুমানিক ৫টা ৫ মিনিটে নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়া থানাধীন তারাপুর মোড়ে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত চলন্ত কাভার্ডভ্যানের তালা ভেঙে মালামাল চুরি করে পালিয়ে যায়। পেছনে থাকা অন্য একটি গাড়ির চালক বিষয়টি দেখলে কাভার্ডভ্যানের চালক সজীবকে অবহিত করেন।
চালক গাড়ি থামিয়ে তালা ভাঙা দেখতে পেয়ে তাৎক্ষণিক গাড়িটি রাজশাহী শহরের হোটেল গ্র্যান্ড রিভারভিউতে নিয়ে যান। সেখানে বিকেএসপির সদস্যদের উপস্থিতিতে মালামাল গণনাকালে মোট ৫৪টি লাগেজের মধ্যে আটটি লাগেজ ও অন্যান্য সরঞ্জাম চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ঘটনার পর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হলে ডিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে মালামাল উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহী, টাঙ্গাইল ও নাটোর জেলায় মোট পাঁচটি মামলা রয়েছে। আসামি সোহান ও রুবেলের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি করে মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পুঠিয়া থানায় নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।