দেশজুড়ে ডাক ও ডিজিটাল আর্থিক সেবার প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর ছয়জন প্রতিনিধিকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে। বিশ্ব ডাক দিবস ও ডাক সেবা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ তাদের এ পুরস্কার দেয়।
এক বিজ্ঞপ্তিতে নগদ জানায়, আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
নগদের ডিস্ট্রিবিউটর, উদ্যোক্তা এবং নগদ সেবা- এই তিন ক্যাটাগরিতে প্রতিনিধিরা এ স্বীকৃতি পান।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ডিস্ট্রিবিউটর ক্যাটাগরিতে পঞ্চগড়ের এইচ টি এন্টারপ্রাইজের মো. সাইদুজ্জামান শিপলু এবং নারায়ণগঞ্জ ও ঢাকার আইডিয়াল কানেকশনের নবনীত সাহা এই স্বীকৃতি পান।
উদ্যোক্তা ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন নেত্রকোণার রনি টেলিকমের মো. রনি মিয়া ও কক্সবাজারের নাজিম কম্পিউটারের নাজিম উদ্দিন।
নগদ সেবা প্রতিনিধি ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়ার মুশফিকুল ইসলাম ভূঁইয়া ও বগুড়ার মো. ইমরান হক দিহানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
চলতি বছর ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্যে ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাক সেবা সপ্তাহ পালিত হচ্ছে।
এবারের ডাক দিবসের কর্মসূচিতে আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতা, চিঠি উৎসব, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পাশাপাশি ডাক বিভাগ ও ‘নগদ’- এর সফল অংশীদারদের পুরস্কৃত করা হয়। নগদ প্রতিনিধি ছাড়াও ডাকসেবা ও পোস্টাল ব্যালট কার্যক্রমে বিশেষ অবদান রাখা কর্মকর্তা-কর্মচারীসহ মোট ২৯ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।