রাজশাহীর গোদাগাড়ীতে সারের ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের অপসারণ দাবিতে তার কার্যালয় ঘেরাও করেছেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে তারা উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
গতকাল সোমবার বেলা ১২টার দিকে গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। একপর্যায়ে তারা কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে সেখানে অবস্থান নেন।
দুপুর ১টা পর্যন্ত চলা এ কর্মসূচির কারণে প্রায় দুই ঘণ্টা প্রশাসনিক ভবনে যাতায়াত বিঘ্নিত হয়। এতে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েন।
ঘটনাস্থলে ইউএনও ইসরাত জাহান আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, “এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারি অফিসে তালা দেওয়া আইনসঙ্গত কি না, তা আন্দোলনের সাথে জড়িতদের জানা থাকা উচিত।”
রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আতিকুর রহমান অভিযোগ করে বলেন, “সার ডিলার নিয়োগে নীতিমালা পুরোপুরি লঙ্ঘন করা হয়েছে। যারা নতুন নিয়োগ পেয়েছেন, তাদের অধিকাংশই বিএনপির বিভিন্ন পদে রয়েছেন। এমনকি নিয়োগ পাওয়া কয়েকজন ডিলারের নিজস্ব সার বিক্রির দোকান বা গুদাম পর্যন্ত নেই।”
আতিকুর রহমান আরও বলেন, এত অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পন্ন হওয়া নিয়োগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইউএনওকে জনগণের সামনে এসে এসব অনিয়মের জবাব দিতে হবে। জনগণকে উপেক্ষা করে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রাজশাহী জেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল হামিদ বাবলু বলেন, “আমরা এ ধরনের পক্ষপাতদুষ্ট ইউএনওর অপসারণ চাই। তিনি নিয়ম মেনে সার ডিলার নিয়োগ দেননি। আমরা চাই ন্যায্যতার ভিত্তিতে ডিলার নিয়োগ দেওয়া হোক, কোনো ধরনের দলীয়করণ বা অনিয়ম সহ্য করা হবে না।”
কর্মসূচিতে গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমান, গোদাগাড়ী পৌর এনসিপির আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব মোফাজ্জল হোসাইন আনাম, জামায়াত নেতা মাহফুজ, ডিলারপ্রত্যাশী ইলিয়াস আলী এবং জুলাই বিপ্লবের গোদাগাড়ী উপজেলা সমন্বয়ক মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।