রাজধানীর উত্তর বাড্ডার একটি আবাসিক ভবনের ছাদ থেকে সুবীর বিশ্বাস (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উত্তর বাড্ডার ওই বাসার নয়তলা ভবনের ছাদে গুরুতর আহত অবস্থায় সুবীর বিশ্বাসকে পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
তিনি জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।