মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকা যদি দক্ষিণ কোরিয়া থেকে তাদের সামরিক সরঞ্জাম সরিয়েও নেয়, তবুও উত্তর কোরিয়ার যেকোনো আক্রমণ প্রতিহত করতে সিউল সক্ষম বলে জানিয়েছে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এ প্রকাশিত এক খবরে তা বলা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার অন্যতম প্রধান নিরাপত্তা মিত্র ওয়াশিংটন। উত্তর কোরিয়ার যেকোনো আগ্রাসন রুখতে দক্ষিণ কোরিয়ায় বর্তমানে প্রায় ২৮,৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং সেখানে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, ১৯৫০-১৯৫৩ সালের যুদ্ধের পর থেকে দুই প্রতিবেশী দেশ প্রযুক্তিগতভাবে এখনো যুদ্ধের অবস্থায় রয়েছে এবং উত্তর কোরিয়া বর্তমানে পারমাণবিক অস্ত্রের অধিকারী।
চলতি সপ্তাহে মার্কিন দৈনিক পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যতম উন্নত উচ্চ-উচ্চতার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘থাড’-এর কিছু অংশ দক্ষিণ কোরিয়া থেকে মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
এই প্রেক্ষিতে বুধবার বার্তা সংস্থা এএফপিকে পাঠানো এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের কোনো সামরিক সরঞ্জাম বিদেশে মোতায়েন করা হোক বা না হোক, আমাদের সামরিক সক্ষমতার বিচারে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমাদের প্রতিরোধমূলক অবস্থানের ক্ষেত্রে বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না।