চলতি বছরের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৯২৯ জন। গত বছর অর্থ্যাৎ ২০২৫ সালে পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ছয় হাজার ৯৭ জন।
২০২৪ সালে পাসের হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১০ হাজার ২৬৯ জন।
আজ শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, “এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা ও মূল্যায়ন হয়েছে। তাই মূল্যায়ন যথাযথ হয়েছে। সে কারণে এ বছর জিপিএ-৫ অনেক কমেছে।”
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী ছিল ৯৬ হাজার ৩৩৫ জন। পাস করেছে ৫০ হাজার ১৬৬ জন। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ। আর মহানগর বাদে জেলায় পাসের হার ৪৫ দশমিক ৫৯ শতাংশ।
তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৩৩ দশমিক ২৪ শতাংশ, খাগড়াছড়িতে ২৯ দশমিক ৮৫ ও বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৪৩ দশমিক ৩৪ শতাংশ।
বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি ৭৪ দশমিক ৪২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৪ দশমিক ১৪ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৩৬ শতাংশ।
চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির ২৮৩টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।